২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের সনদ হাতে চট্টগ্রামের শিশুরা

সংবাদ তৈরির কৌশল সম্পর্কে প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রামে শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 09:48 PM

Updated : 10 Oct 2022, 09:26 PM

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান।

ক্ষুদে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের চারপাশে অনেক সংকট-সমস্যা আছে, শিশু সাংবাদিকরা সেগুলো তুলে ধরবে। আশা করি, শিক্ষা জীবনের পাশাপাশি শিশু-কিশোররা লেখালেখি করবে।

“যোগাযোগ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সত্য তথ্য উপস্থাপনে ক্ষুদে সাংবাদিকরা সফল হবে বলে আশা করি।”

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, সাংবাদিকতার মূল নীতি সত্য প্রকাশ, এমন তথ্য উন্মোচন ও প্রকাশ যা সাধারণ মানুষের উপকারে আসে।

“ভবিষ্যতে যে যেই পেশাতেই যান, এ প্রশিক্ষণ আপনাদের কাজে লাগবে।” 

জ্যেষ্ঠ সাংবাদিক নজরুল কবীর বলেন, তোমরা একসাথে পথ চলার প্রাথমিক পাঠ নিয়েছো। হয়তো দেশকে আলোকিত করার মত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হওয়ার নিউজ তোমরা করবে।

“সাংবাদিকতা করতে সবচেয়ে বেশি প্রয়োজন সাহস। মানুষের জন্য অসম্ভব বলে কিছু নেই। হ্যালোতে তোমাদের প্রতিবেদন দেখার অপেক্ষায় রইলাম। হ্যালো তোমাদের সে পথ করে দেবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছি বলেন, “আপনারা যতটুকু শিখতে পেরেছেন ভবিষ্যতে তার প্রতিফলন দেখতে পাই। তোমরা যদি ভালো প্রতিবেদন করতে পার তাহলে দেশের উপকার হবে।”

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরোর ইনচার্জ মিন্টু চৌধুরী।

‘বলব আমাদের কথা’ শিরোনামে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের যৌথ আয়োজনে কর্মশালার দ্বিতীয় দিনের অধিবেশন উদ্বোধন করেন ইউনিসেফের প্ল্যানিং অ্যান্ড মনিটরিং অফিসার গাজীউল হাসান মাহমুদ।

নবাগতদের স্বাগত জানাতে ৩৩ জেলায় শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। তবে দেশের যে কোনো শিশু যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধিত হয়েছে হ্যালোর শিশু সাংবাদিকদের দলে।

হ্যালোর ওয়েবসাইটে (https://reg.hello.bdnews24.com) একটি ফরম পূরণ করে নিবন্ধনের আবেদন করা যাবে সহজেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট (https://bangla.bdnews24.com) থেকেও যাওয়া যাবে হ্যালোর ওয়েবসাইটে।

শিশুদের নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর (https://hello.bdnews24.com) যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩১ মার্চ। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা।

সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ এবারও এ আয়োজনের অংশীদার।