বন্দর নগরীর বাটালি হিলে বসবে বঙ্গবন্ধুর ম্যুরাল
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বন্দর নগরীর বাটালি হিলে জাতির জনকের ম্যুরাল স্থাপনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
‘মুজিব বর্ষে’ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সভায় সিটি মেয়র আ জ ম নাছির বলেন, “আগামী প্রজম্মের নাগরিকদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা এবং মুজিব বর্ষকে স্মরণীয় বরণীয় করে রাখা নিমিত্তে নগরীর বাটালি হিলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।
“এছাড়া পাহাড়তলী শেখ রাসেল পার্ক এবং বঙ্গবন্ধু সড়কের বড়পুল গোলচত্বরেও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু জনসভায় যোগদান ছাড়াও অনেক সামাজিক অনুষ্ঠানে চট্টগ্রামে এসেছেন। অনেকের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল। এ নগরীতে জাতির পিতার অনেক স্মৃতি। পায়ে হেঁটে, রিকশায় চড়ে অনেক জায়গায় গেছেন তিনি।”
সিটি মেয়র বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতন্ত্রের অতন্দ্র সৈনিক। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পথ প্রদর্শক। কৈশোর থেকেই তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে ছিলেন সোচ্চার।
“তিনি শোষিত মানুষের অধিকারের পক্ষে কথা বলতেন। এক অর্থে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের ইতিহাস।”
মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি আগামী মাসে চূড়ান্ত হবে বলে জানান মেয়র নাছির।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম, সিসিসি’র প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দারসহ সেবা প্রদানকারী সংস্থা প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।
