আটকে রেখে টাকা আদায়, গ্রেপ্তার ৯
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই প্রবাসীসহ চারজনকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলা মহিলা স্কুল সংলগ্ন লিচু ফ্যাক্টরি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ (২৪), জাহিদুর আলম (২৩), আবু হেলাল (২৮), মো. শাকিল (২৪), মো. ইব্রাহিম (২০), মো. ইমরান (২৬), মো. মুজিব (২৫), শওকত আলী (২৬), মো. সাহাব উদ্দিন (১৯)।
পাশাপাশি প্রবাসী মো. বেলাল (৩০), ইয়াছিন (২৪) তাদের স্বজন বশির আহমেদ (৪৫) ও মো. ফারুককে (২৩) উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল ও ইয়াসিন দুবাই যাওয়ার জন্য বুধবার সন্ধ্যায় কক্সবাজার থেকে চট্টগ্রামে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল। বাকলিয়ার আব্দুল লতিফ হাটে তারা ইয়াসিনের মামাত ভাই শামসুল আলমের বাসায় উঠেছিল।
“শামসুলের প্রতিবেশী গ্রেপ্তার সোহাগ এসময় তাদের সাথে কথা বলে বিষয়টি জানতে পারে। তখনই তাদের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করে সে।”
ওসি নেজাম বলেন, “রাতে সোহাগের পরামর্শে অন্যরা শামসুলের বাসায় গিয়ে ডিবি পরিচয়ে মারধর করে এবং থানায় নেওয়ার কথা বলে আব্দুল লতিফ হাটখোলা মহিলা স্কুল সংলগ্ন লিচু ফ্যাক্টরি এলাকায় একটি কক্ষে আটকে রেখে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে বেলাল ও ইয়াছিনকে বিদেশ যেতে না দেওয়ারও হুমকি দেয় তারা।”
“অপহরণকারীরা অপহৃতদের মোবাইল থেকে ফোন করে স্বজনদের দুইটি বিকাশ নম্বরে টাকা দেওয়ার কথা বলে। বিষয়টি জানতে পেরে বেলালের ভাতিজা রায়হান রাহাত্তারপুল এলাকায় টহল পুলিশকে জানায়।”
পুলিশের পরামর্শে অপহৃতদের স্বজনরা দুইটি বিকাশ নম্বরে দুই দফায় ৩২ হাজার ৭০০ টাকায় পাঠায় জানিয়ে ওসি বলেন, “পুলিশ বিকাশের দোকানটি শনাক্ত করে বাকলিয়া ডেপুটি রোডে ছদ্মবেশে অবস্থান নেয়। পরে সেখান থেকে টাকা নিতে আসা জাহিদুর ও হেলালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে বিস্তারিত জানায় এবং তাদের তথ্যের ভিত্তিতে অপহৃত চারজনকে উদ্ধার ও অন্যদের গ্রেপ্তার করা হয়।”
উদ্ধার পাওয়া দুইজনকে পরে দুবাই রওনা হয়েছেন বলে জানান ওসি নেজাম।
