২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ১৭তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা আয়োজন ও আলোচনার মধ্যে দিয়ে পালন করা হয়েছে  ‘বিশ্ববিদ্যালয় দিবস’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 11:16 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

রোববার সকালে শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন।

চুয়েট ক্যাম্পাসে এই শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা। পরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল বলেন,  “আমরা এখন ডিজিটাল বাংলাদেশের পথেই হাঁটছি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান সবচেয়ে বেশি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যেতে হবে।”

বিশ্ববিদ্যালয় শুধু  ‘পুঁথিগত’ শিক্ষাদানের মাধ্যম নয় বলেও মন্তব্য করেন  তিনি।

“আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সনাতনি চিন্তাধারা থেকে বেরিয়ে এসে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক বাড়াতে হবে।”  

অবস্থানগত কারণে চট্টগ্রামে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের কাজ করার সুযোগ আছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, “কারিগরি ও প্রাযুক্তিক পরামর্শ সেবার ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে। গুটিকয়েক প্রতিষ্ঠান ভিত্তিক নির্ভরতা বেড়ে গেছে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এখানকার শিল্পকারখানা ও উপকূলীয় অঞ্চলের সুবিধা কাজে লাগাতে হবে।”

সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অঞ্চলভিত্তিক অবদান রাখারও আহ্বান জানান তিনি।

চুয়েটের শিক্ষার্থীরা দেশে-বিদেশে অবদান রাখছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, “চুয়েটকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে কিছুতেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এতে শিক্ষার্থীরাই সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো রবিউল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনলজি (বিআইটি)  ২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নামে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায়।