ছাত্রলীগের মারামারিতে বন্ধ চবির শাটল ট্রেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর শাটল ট্রেনের হুইস পাইপ কেটে সহকারী লোকমাস্টারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে এই ঘটনা ঘটার পর থেকে নগরী ও ক্যাম্পাসের মধ্যে চলাচলরত শাটল ট্রেন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার প্রথম শাটল ট্রেনের হুইস পাইপ কেটে সহকারী লোকো মাস্টারকে অপহরণ করা হয়। এ কারণে সকাল হতে বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি।
চট্টগ্রাম শহর হতে ২২ কিলোমিটার দূরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। ক্যাম্পাসে ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই শাটল ট্রেনের লোকো মাস্টারকে তুলে নেওয়ার ঘটনা ঘটে, পরে ছেড়ে দেওয়া হয়।
শনিবার রাতে ক্যাম্পাসে সোহরাওয়ার্দী হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। তার পর ট্রেন বন্ধের পর রোববার দুপুরে ফের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে ইটের আঘাতে দুজন আহত হন, দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার বিকাল ৩টায় সিএফসি ও বিজয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে এ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুর রহিম।
আহতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শোয়াবুর রহমান কনক, প্রাণিবিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের জাহিদুল হাসান।
পুলিশ পরিদর্শক রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতে হলের সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হওয়ার পর দুপুর ৩টায় আবারও দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
“এসময় ইটের আঘাতে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় দুই জনকে আটক করা হয়েছে।”
আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
শনিবার রাতে আহতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের মো. ইলিয়াছ,পরিসংখ্যান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ওবায়দুর রহমান লিমন, লোক প্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের নিলয় হাসান।
পুলিশ কর্মকর্তা রহিম বলেন, “সিট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় দু’পক্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার চারজন আহত হয়।"
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসির নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সিট দখল করতে এলে বিজয় গ্রুপের নেতাকর্মীরা তাতে বাধা দেয়, এরপর সংঘর্ষ বাঁধে।
পরে সিএফসি গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে এবং বিজয় গ্রুপের নেতাকর্মীরা আলাওল ও এফ রহমান হলে অবস্থান নেয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুষ্কৃতকারীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে বারবার আমার ছেলেদেরকে আক্রমণ কর আসছে। গতকালও তারা সোহরাওয়ার্দী হল মোড়ে আমাদের ছেলেদের উপর হামলা চালায়। পরে আমাদের নেতৃবৃন্দ হলের মোড়ে অবস্থান নিলে তারা দৌড়ে পালিয়ে যায়।”
বিজয় গ্রুপের নেতা ও সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নির্দেশে এই অতর্কিত হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
“তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করার মন-মানসিকতা তার নেই। তার মতো একজন অছাত্রের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি কখনও সফল হবে না।”
সিএফসি ও বিজয় গ্রুপের নেতাকর্মীরা প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
