২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিকের বাসে ৫৮ হাজার ইয়াবা, চালকসহ আটক ২

পিকনিকের যাত্রী বহনকারী একটি গাড়িতে করে ইয়াবা পাচারের অভিযোগে চট্টগ্রামে একটি বাসের  চালক ও সহকারীকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 09:14 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

এরা হলেন- কক্সবাজারের টেকনাফের জাদিমুরার নবী হোসেনের ছেলে রহিম (২৯) ও কে কে পাড়া এলাকার মৃত আফজেলের ছেলে রফিক (২৮)।

শুক্রবার বিকাল ৪টার দিকে সাতকানিয়ার কেরাণীহাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাসচালকের সিটের লাগোয়া ড্যাশবোর্ডের পাশে গোপন কম্পার্টমেন্টে ৫৮ হাজার ইয়াবা রাখা ছিল। পিকনিকের আয়োজকরা এবিষয়ে কিছু জানতো না।”

কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার ‘জামবাগান ইসলামিক ও সাংস্কৃতিক যুব ঐক্য পরিষদ’ ওই পিকনিকের আয়োজক।