২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর জামায়াত আমিরসহ ১২ নেতাকর্মীকে কারাগারে

চট্টগ্রাম নগর জামায়াত ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 08:45 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আদালত কারাবিধি তাদের স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছে।

পাঁচলাইশ থানার গোল পাহাড় মোড়ে সুবর্ণা আবাসিক এলাকায় মেহেদী হাইটস বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বুধবার শাহজাহান, নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বাসাটিতে তারা ‘নাশকতার সৃষ্টির পরিকল্পনায় গোপন’ বৈঠকের জন্য জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম বলেন, ওই বাসা থেকে দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

“যে বাসাটি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি সাজ্জাদ নামে এক ব্যক্তির। তিনি পলাতক আছে। মামলায় গ্রেপ্তার ১২ জনসহ পলাতক আরও ১৭/১৮ জনকে আসামি করা হয়েছে।