জামায়াতের চট্টগ্রামের নগর আমিরসহ গ্রেপ্তার ১২
চট্টগ্রামে এক বৈঠক থেকে পুলিশ গ্রেপ্তার করেছে নগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ নেতা-কর্মীকে।
তারা ‘গোপন’ বৈঠকে ‘নাশকতার পরিকল্পনা করছিলেন’ বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান।
গ্রেপ্তার নেতাদের মধ্যে নগর জামায়াতের আমির ছাড়াও সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ রয়েছেন।
পুলিশ কর্মকর্তা মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন। বাসাটি থেকে বেশকিছু সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, “তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
