বাধার মুখেও টেকপাড়া খালে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বন্দর নগরীর টেকপাড়া খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ২৫টি স্থাপনা অপসারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বুধবার সকালে টেকপাড়া এলাকায় অভিযানে গেলে শুরুতে স্থানীয়দের বাধার মুখে পড়েন উচ্ছেদকারীরা। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিসরনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক ৫ হাজার ৬শ ১৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ। প্রকল্পের পূর্ত কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের উপ-পরিচালক কাজী কাদের নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্ছেদ অভিযানের শুরুতে স্থানীয় জেলে পাড়ার বাসিন্দারা আর্তনাদ শুরু করে।
“এসময় তারা আমাদের অবৈধ স্থাপনা ভাঙতে দেবে না বলেছিল। পরে বুঝিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর ২৫টি স্থাপনা অপসারণ করে প্রায় ৬শ মিটার জমি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি চারতলা ভবনও আছে।”
উচ্ছেদ অভিযানের সময় সেখানে উপস্থিত স্থানীয়রা বলেন, স্কেভেটর দিয়ে কাজ শুরুর মুহূর্তে জেলেপাড়ার কয়েকজন নারী স্কেভেটরের সামনে লাফিয়ে পড়ে। এসময় তারা হইচই শুরু করে।
“পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য ঘটনাস্থলে আসে। তারপর অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু হয়।”
প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুর দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা অবৈধ ঘরবাড়ি ভাঙতে দেবে না বলে জানান।
“তাদের দাবি- দীর্ঘদিন ধরে তারা সেখানে আছেন। যদিও এগুলো সরকারি জমি।”
এখানকার বাসিন্দাদের অনেক আগেই উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
“নোটিস পেয়ে কয়েকজন নিজেরাই ভেঙে ফেলেছিল। বাকিরা আজ শুরুতে বাধা দেওয়ার চেষ্টা করলে পরে পুলিশ ও ফোর্স আসে। তখন আর সমস্যা হয়নি।”
উচ্ছেদ অভিযান চলাকালে একটি ভবন ভাঙার সময় ইটের টুকরো ছিটকে এসে দুজন সৈনিক আহত হয়েছেন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী।
তিনি বলেন, “বিল্ডিং ভাঙারা সময় হঠাৎ ইটের টুকরো এসে দুই জন সৈনিকের গায়ে লাগে। তারা সামান্য ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন।”
চলমান মেগা প্রকল্পের আওতায় জরিপকারী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) নগরীর ১৩টি খালের অবৈধ ও অপসারণযোগ্য স্থাপনা চিহ্নিত করে।
ওই তালিকা অনুসারে এই ১৩টি খালের প্রায় ১২৩ দশমিক ৯২ একর জমি অবৈধ দখলে আছে।
১৩টি খালে মোট স্থাপনা চিহ্নিত করা হয় এক হাজার ৫৭৬টি। এরমধ্যে পানি চলাচলের জন্য উচ্ছেদ করতে হবে ৮শ ৬৬টি স্থাপনা এবং খালের পাশে রাস্তা নির্মাণের জন্য ৭শ ১০টি স্থাপনা অপসারণ করা হবে।
টেকপাড়া খালের শূন্য দশমিক ৪৩ একর জমি অবৈধ দখলে। স্থাপনা উচ্ছেদ হবে ৭৬টি।
ইতোমধ্যে নগরীর চাক্তাই, রাজাখালী, নোয়া, ডোমখালী, হিজড়া খাল ও মহেশখালে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এই প্রকল্পের আওতায় বন্দর নগরীতে মোট ৩৬টি খালে খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন কাজ হবে।
