২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবে ‘চেতনানাশক ওষুধ’ মেশানোর চক্র আটক

বিক্রির জন্য ডাব নিয়ে দাঁড়িয়ে থাকেন প্রবীণ একজন ব্যক্তি। তার পাশে ভিড় করে থাকেন আরও তিনজন।পথচারীদের প্রলুব্ধ করতে এদেরই একজন ডাব কিনে খান। কিন্তু সাধারণ ক্রেতা এলে কৌশলে তাকে দেওয়া হয় চেতনানাশক ওষুধ মেশানো ডাব। পরে সুযোগ বুঝে ওই ক্রেতার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা আর মালামাল।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 07:26 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

চট্টগ্রামে মানুষের টাকা-পয়সা লুটে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে তাদের এ অভিনব চুরির কৌশল।

বন্দর নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে সোমবার মো. শহিদুল ইসলাম (৩০), মো. বাবুল (৩৬), মো. হারুণ (৩১) ও রতন মিয়া (৭৫) নামে এই চারজনকে গ্রেপ্তার করা হয়, যারা পরস্পরের আত্মীয়।

শহীদুলের ভাগিনা হারুণ, বাবলু বোন জামাই আর রতন মিয়া তার খালু। তাদের মধ্যে শহীদুল ও বাবলুর বাড়ি খুলনায়, রতনের বাড়ি পিরোজপুর ও হারুনের বাড়ি বরগুনায়। তবে তারা সবাই ঢাকায় থাকেন বলে জানিয়েছে পুলিশ। 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন,  “এই চক্রটি ডাবের সাথে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে টার্গেট করা ব্যক্তির কাছে বিক্রি করে।

“ডাব খাওয়া ওই ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেললে তার কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নেন।”

আটক হওয়া চারজনের কাছ থেকে মানুষকে অচেতন করার নেশা জাতীয় ওষুধ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরীতে গত শনিবার ও সোমবার দুইটি ঘটনা ঘটিয়েছে এ চক্র। এছাড়া ঢাকাতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বলে জানান মেহেদী।

তিনি বলেন,  “কোলাহল পূর্ণ  বিভিন্ন স্থানে ডাব বিক্রেতা হিসেবে ঘুরে বেড়ায় রতন মিয়া। গালে দাঁড়ি, গলায় গামছা নিয়ে ঘুরে বেড়ানো সত্তরোর্ধ্ব এ ব্যক্তিকে বেশভূষার কারণে কেউ সন্দেহ করেন না।

“কোলাহল পূর্ণ কোনো এলাকায় রতন ডাব নিয়ে দাঁড়িয়ে থাকলে লোকজন যেন সন্দেহ না করে তাই বাবুল ক্রেতা সেজে তার কাছ থেকে ডাব কিনে খায়।”

ওষুধ মেশানো ডাব খাওয়া শেষে ক্রেতা হাঁটা শুরু করলেই তাকে অনুসরণ করতেন শহিদুল ও হারুণ। ওই ব্যক্তি কয়েক মিনিটের মধ্যে অচেতন হয়ে পড়লে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতেন এই দুজন।

সোমবার শাহ আমানত সেতু এলাকায় এক ব্যক্তি রতন মিয়ার কাছ থেকে ডাব কিনে খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তার কাছে টাকা নগদ দুই হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়ে চলে যায় চক্রের সদস্যরা।

এর আগে শনিবার নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে একই কায়দায় প্রতারণা করে সাথে থাকা মোবাইল, টাকা পয়সা ও মালামাল হাতিয়ে নেয় চক্রটি।

এই ঘটনায় বাকলিয়া ও কোতোয়ালী থানায় আলাদা দুইটি মামলা হয়েছে বলে জানান উপ-কমিশনার মেহেদী হাসান।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন,  “সোমবার সকালে শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্ত্বরে আমির ও জসীম নামে দুই ফল বিক্রেতা রতনের কাছ থেকে ডাব কিনে খায়। ডাব খাওয়ার সাথে সাথে আমির অসুস্থ বোধ করে মাথা ঘুরিয়ে পড়ে যান।

“এসময় শহীদুল ও হারুণ তাকে ধরার কথা বলে তার পকেটে থাকা দুই হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। পরে টহল পুলিশের গাড়িতে করে আমিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

আমির এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি নেজাম।

আমিরের শ্যালক মামুনর রশিদ বাকলিয়া থানায় মামলাটি করেছেন।

এ ঘটনার পরপর শাহ আমানত সেতু এলাকা থেকে রতন মিয়াকে আটক করে বাকলিয়া থানা পুলিশ। পরে তার সাথে থাকা শহিদুল, বাবুল ও হারুণকেও পুলিশ গ্রেপ্তার করে বলে জানান ওসি নেজাম।

এদিকে কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় ঘটনার শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  নিউ মার্কেট এলাকায় রতন মিয়া দুইটি ডাব হাতে নিয়ে তাকে একটি ডাব কিনতে বলেন।

চবি শিক্ষার্থী রকি ডাব কিনতে না চাইলেও রতন মিয়া জোর করায় একটি ডাব কিনে খান; পরে  জ্ঞান হারিয়ে ফেলেন।

তিনি বলেন, “আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসে বসে অপেক্ষা করছিলাম। ওই সময় গালে দাঁড়ি, মাথায় টুপি ও গলায় গামছা ঝোলানো ওই ব্যক্তি আমাকে একটি ডাব কিনতে বলেন। আমি কিনতে অস্বীকৃতি জানানোয় তিনি আমাকে বলেন, আমার কাছে ডাবগুলো বিক্রি করতে পারলে নামাজ পড়তে যেতে পারবেন।

“বয়স্ক লোক নামাজ পড়ার কথা বলায় আমি বিশ্বাস করে ২০ টাকায় একটি ডাব কিনে খাই। খাওয়ার কয়েক মিনিটের মধ্যে আমি অচেতন হয়ে পড়ি। বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইটে যাওয়ার পরও আমার জ্ঞান ফিরে না আসায় সামনের সিটের দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে আমার হলে নিয়ে যান। সেখান থেকে আমার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়।”

তার পকেটে থাকা মোবাইল সেট, মানিব্যাগ ও সাথে থাকা নতুন কেনা প্যান্ট-শার্টের প্যাকেটগুলো খোয়া গেছে বলেও জানান রকি।

কোতোয়ালী ও বাকলিয়া থানার দুইটি মামলায় এই চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে নেওয়ার আগে চক্রের সদস্য শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বেশি লাভের আশায় তারা সবাই মিলে ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে টাকা-পয়সা লুটে নেওয়ার কাজ শুরু করে।

মূলত ঢাকায় হকারের কাজ করেন শহিদুল। মাসখানেক আগে ঢাকার যাত্রাবাড়ি ও শনির আখড়ায় এই ধরনের দুইটি ঘটনা ঘটিয়েছেন তারা।

 এরপর ধরা পড়ে যাওয়ার ভয়ে আর কাজ না করে গত বৃহস্পতিবার চট্টগ্রামে চলে আসেন এবং লালদিঘীর পাড়ে একটি বোর্ডিংয়ে রুম ভাড়া নেন।

শহিদুল বলেন, শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের কাছ থেকে টাকা ও মালামাল হাতিয়ে নেওয়ার পর রোববারও তারা একই ধরনের একটি কাজ করেন চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল বাসে।

এক ব্যক্তি রতনের কাছ থেকে ডাব কেনার পর তাকে অনুসরণ করে শহিদুল ও হারুণ কক্সবাজারগামী বাসে উঠে ওই ব্যক্তির পাশে গিয়ে বসেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওই বাসযাত্রী অচেতন হয়ে পড়লে তার পকেটে থাকা তিন হাজার টাকা নিয়ে পটিয়া গিয়ে বাস থেকে নেমে আবার শহরে চলে আসেন তারা দুজনে।

হারুণ বলেন, রতন মিয়া ডাব বিক্রেতার বেশে থাকেন আর বাবুল সাজেন ক্রেতা। তারা দুইজন ডাব ক্রেতাকে অনুসরণ করে থাকেন।

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মেহেদী হাসান রকির ঘটনার কথাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন দুজনে। 

বাসে ওই ছাত্রের পাশে হারুণ এবং শহিদুল গিয়ে আরেকটি সিটে বসেন।কিছুক্ষণের মধ্যে রকি জ্ঞান হারালে  তার পকেট থেকে মোবাইল, মানিব্যাগ ও সাথে থাকা কাপড়গুলো নিয়ে কোতোয়ালীর মোড়ে গিয়ে বাস থেকে নেমে যান তারা।

ওষুধের দোকান থেকে নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশনের সিরিঞ্জ সংগ্রহ করে এই চক্র। তারপর পানির সাথে ২০টি ওষুধ মিশিয়ে সিরিঞ্জের মাধ্যমে ডাবে ঢোকানো হয়।

হারুণ ও শহিদুল জানান, ওষুধ ঢোকানো ডাবগুলো চিহ্নিত করে রাখা হয় এবং টার্গেট করা ব্যক্তিদের কাছে বিক্রি করা হত।

লালদিঘীর পাড়ের সিদ্দিকা বোর্ডিং থেকে নগদ দুই হাজার ২২৫০ টাকা, মেহেদীর কাছ থেকে নেওয়া মোবাইল ফোন, মানিক ব্যাগ ও শার্ট-প্যান্টের প্যাকেটগুলোও উদ্ধার করেছে পুলিশ।