চট্টগ্রামে নানা কর্মসূচিতে শোক দিবস পালন
চট্টগ্রামে আলোচনা সভা, শোভাযাত্রা, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।
এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মাহতাব বলেন, “বঙ্গবন্ধু হত্যার মূল আসামিদের বিচার ও বিচারের রায় কার্যকর হলেও নেপথ্যের কুশীলবরা আড়ালে রয়ে গেছে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।”
মেয়র নাছির বলেন, “বঙ্গবন্ধুর বিশালত্ব দিন দিন বাড়ছে। ৭৫ এর ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মাধ্যমে যারা জাতির জনকের নাম মুছে দিতে চেয়েছিল তারাই এখন ইতিহাসের ঘৃণিত আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
“তবে তাদের প্রেতাত্মারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে সমাজকে সম্মিলিতভাবে পাপমুক্ত করতে হবে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী ও হাজী জহুর আহমেদ, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম এবং উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী প্রমুখ।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে পুরাতন নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মেয়র ও কাউন্সিলররা শ্রদ্ধা জানান।
এরপর পুরাতন নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র নাছির বলেন, “২০২০ সালে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও ২০২১ সালে আমাদের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। এ দুটি অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে নতুন প্রজম্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে এবং দেশ ও জাতির উন্নয়নে নিজেদেরকে নিবেদিত করবে।”
অনুষ্ঠানে কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, এ এইচ এম সোহেল, নাজমুল হক উিউক, সলিমুল্লাহ বাচ্চু, গিয়াস উদ্দীন ও তারেক সোলেয়মান সেলিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম ও আবিদা আজাদ, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ৃয়া, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ ও সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতির জনকের কবরে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে সেই কর্মসূচিতে ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, মোহাম্মদ হোসেন, আবু তাহের, এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমন, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।
টুঙ্গিপাড়ায় এবারও অন্যান্য বছরের মতো ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ মাঠে ৩০ হাজার এবং বালাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে ১০ হাজারসহ মোট ৪০ হাজার মানুষের জন্য মেজবান অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোক শোভাযাত্রা বের হয়। এটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবার রহমান, পুলিশ সুপার নুরে আলম মিনা এবং জেলা ও নগরীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে জাতীয় শোক দিবসে ‘নাগরিক শোকযাত্রা’ আয়োজন করে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গন থেকে শুরু হওয়া শোক যাত্রায় নেতৃত্ব দেন সিটি মেয়র আ জ ম নাছির।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে শোকযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, হাসিনা জাকারিয়া বেলা, আবু তাহের চৌধুরী, শাহীন ফেরদৌসী প্রমুখ।
জাতীয় শোক দিবসে যৌথভাবে দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাব।
নগরীর জামালখানে প্রেস ক্লাব ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
