২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবার ‘রোহিঙ্গা চক্র’

মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবা বিভিন্ন জেলায় থাকা রোহিঙ্গা চক্রের সদস্যদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে সারাদেশে, আর এই চক্রে অর্থায়ন করছে বাংলাদেশেরই কিছু ব্যবসায়ী।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 09:46 AM

Updated : 10 Oct 2022, 09:17 PM

চট্টগ্রাম নগরী থেকে ১৫ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ এমন তথ্য জানিয়েছে।  

শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশ থানার বায়েজিদ বোস্তামি সড়কের ষোলশহর আবাসিক এলাকা থেকে মো. নিয়াজ উদ্দিন (২৫) ও আইয়ুব আলী (৪২) নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর বাংলাবাজার এলাকা থেকে মো. সেলিম (৩২) নামের অন্যজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিয়াজ উদ্দিনের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫ হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার তিনজনই রোহিঙ্গা বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তারা বিভিন্ন সময় মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই চক্রের কাছে মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবাগুলোর সরবরাহকারীও একজন রোহিঙ্গা। আর অর্থায়নকারী চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী।

গ্রেপ্তারদের মধ্যে নিয়াজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াস খান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে আইয়ুব আলী ১২ বছর আগে মিয়ানমার থেকে এসে কক্সবাজার সদরে বাড়ি করে। আর মো. সেলিম তার মা-বাবা ও বোনসহ ১৪ বছর আগে চট্টগ্রাম শহরে চলে আসে।

“নগরীর একটি বেসরকারি কলেজে লেখাপড়া করে সেলিম। তাদের পরিবার সলিমপুরে জমি কিনে বাড়ি করেছে। বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার ভাই-বোনরা আছে।”

শুক্রবার রাতে অভিযান চালানোর সময় নিয়াজ উদ্দিন ও আইয়ুব আলীকে পুলিশ গ্রেপ্তার করলেও সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেলিম ও হানিফ (৩৮)।

হানিফও মিয়ানমারের নাগরিক এবং শুক্রবার রাতেই পালিয়ে কক্সবাজারের দিকে চলে যায় বলে পুলিশ জানায়।

পুলিশ কর্মকর্তা ইলিয়াস খান বলেন, এরা একটি সংঘবদ্ধ ইয়াবা ক্রয়-বিক্রয় চক্র। ইতোপূর্বে বিভিন্ন সময় চট্টগ্রাম, ঢাকা, ঝিনাইদহ ও মাগুরা এলাকায় ইয়াবা পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে তারা।

“দেশের বিভিন্ন জেলায় এসব রোহিঙ্গাদের আত্মীয়-স্বজন আছে। মূলত তাদের মাধ্যমেই স্থানীয় লোকজনের সাথে এরা যোগসূত্র তৈরি করে। ইয়াবা আসে মিয়ানমার থেকে, আর পুরো কাজে অর্থায়ন করে দেশীয় কিছু ব্যবসায়ী।”

ইলিয়াস খান বলেন, কক্সবাজারে কালা মোহাম্মদ (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে এরা ইয়াবা পাইকারি দরে কিনে নেয়। কালা মোহাম্মদও রোহিঙ্গা। তিনি মাঝে মাঝে মিয়ানমার থেকে কক্সবাজার আসা-যাওয়া করেন।

“ধরা পড়া ইয়াবাগুলো রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. আলম ওরফে আলম সওদাগরের (৫০) নির্দেশনায় ও অর্থায়নে তারা নগরীতে নিয়ে আসে বিক্রির জন্য।”

তিনি বলেন, “রোহিঙ্গা চক্রের মাধ্যমে সারাদেশে ইয়াবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অন্য ব্যবসার আড়ালে আমাদের দেশিয় কয়েকজন ইয়াবা কেনাবেচায় অর্থায়ন করছে।”

নিয়াজ উদ্দিন, আইয়ুব আলী, মো. সেলিম, হানিফ, কালা মোহাম্মদ ও আলম সওদাগরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় মামলা হয়েছে।

হানিফ, কালা মোহাম্মদ ও আলম সওদাগরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে গোয়েন্দা কর্মকর্তারা  জানান।