চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ওই দুর্ঘটনায় নিহতের নাম আমেনা ইয়াছমিন (৪২)। তার আর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- সোমা ঘোষ (৩৫) ও প্রণয় পাল (১৫)।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, এন মোহাম্মদ কনভেনশনের সামনে দ্রুত গতির একটি কভার্ড ভ্যান একটি অটো রিকশা ও একটি বাসকে ধাক্কা দেয়।
“দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা মারা যান।”
আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।
