২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপী ৩৫তম জেলা সম্মেলন শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 09:48 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

সম্মেলন উদ্বোধন করে মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা বালাগাত উল্লাহ বলেন, চলমান পুঁজিবাদী ও শোষণভিত্তিক সমাজ ভেঙে নতুন জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি উৎপল দত্ত বলেন, “অন্ধ-কানাগলি থেকে মুক্তি ও শিক্ষার অধিকার আদায়ে শিক্ষার্থীদের আজ একতাবদ্ধ হতে হবে।

“প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্র ইউনিয়ন ছাত্রদের অধিকার আদায়ে এবং দেশের স্বার্থে কাজ করে আসছে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্র ইউনিয়ন পালন করেছে অগ্রণী ভূমিকা। শিক্ষার্থীদের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্যে এ সংগঠনের প্রতিষ্ঠা।”

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থা পুঁজিপতিদের নিয়ন্ত্রণে। সকলের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়নি এখনও। শিক্ষাকে প্রতিনিয়ত সাম্প্রদায়িকীকরণ ও বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।

“ছাত্র রাজনীতির নামে চলছে হল দখল-টেন্ডারবাজি-চাঁদাবাজি-খুন-সন্ত্রাস। রাজনীতিতে চলছে আদর্শহীনতার প্রতিযোগিতা। অদ্ভুদ বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান। চলমান পুঁজিবাদী ও শোষণভিত্তিক সমাজ ভেঙে নতুন জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।”

‘শিক্ষা-সাম্য-প্রগতির লড়াইয়ে প্রাণ যদিও হয় বিপন্ন, তবুও বন্ধু বেচো না তোমার লাল টুকটুকে সেই স্বপ্ন’ এই স্লোগানে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলন উদ্বোধনের পর নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োহন করা হয়।

শুক্রবার সংগঠনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে, যাতে নতুন নেতৃত্ব নির্ধারণ হবে।