২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ভবন মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 09:46 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার বি-ব্লকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার চারজন হলেন- মো. বাপ্পী (১৯), মো. নিশান (১৮), সিদ্দিকুর রহমান (২০) ও ইয়াসিন বিন ফয়সাল (১৮)।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চারজন নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তারা নজরুলকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিতেন।

“হুমকি দিয়েও লাভ না হওয়ায় তারা বিভিন্ন সময়ে নজরুলকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে প্রমাণের চেষ্টা করে। বিভিন্ন সময়ে থানায় নজরুলের বাসায় ইয়াবা ট্যাবলেট আছে বলে সংবাদ দিত।”

ওসি নেজাম বলেন, “গত রাতেও (বুধবার রাতে) তারা একই ভাবে নজরুলের বাসায় ইয়াবা আছে সংবাদ দিলে থানা পুলিশের একটি টিম বাপ্পী ও সিদ্দিকুরকে নিয়ে ওই বাসায় অভিযানে যায়। অভিযানে পুলিশ কিছু না পেলেও বাপ্পী দেখিয়ে দেওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে।

“বিষয়টি অভিযানে থাকা পুলিশ কর্মকর্তার সন্দেহ হলে বাপ্পীকে তল্লাশি করে তার হাতের ভেতর পেপার দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ইয়াবা উদ্ধার করে।” 

তখন জিজ্ঞাসাবাদে বাপ্পী স্বীকার করেন যে তারা চার বন্ধু মিলে নজরুলকে ফাঁসানোর চেষ্টা করছিলেন।

পরে বাপ্পী ও সিদ্দিকুরকে নিয়ে বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিশান ও ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মাদক আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।