২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ছিনতাইকারীর তথ্যে আরও তিনজন গ্রেপ্তার

জনতার হাতে ধরা পড়া ছিনতাইকারীর কাছ থেকে তথ্য নিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরও তিন ছিনতাইকারীকে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া ১১ হাজার টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 06:19 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

নগরীর ডবলমুরিং থানার পশ্চিম ঝর্ণাপাড়া জোড় ঢেবার পাড়ে বুধবার সকালে জনতার হাতে ধরা পড়া ছিনতাইকারীকে নিয়ে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পাহাড়তলী রেল স্টেশন থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চার ছিনতাইকারী হল- রমজান আলী ওরফে জাবেদ (২৫), বেলাল হোসেন (২০), খোকন ইসলাম ওরফে খোকা (২২), আরমান হোসেন ওরফে রায়হান (২২)।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে মোবারক হোসেন ও হৃদয় হোসেন নামের দুই ব্যক্তি পহাড়তলী বাজারে যাওয়ার পথে তাদের গতিরোধ করে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় চার ছিনতাইকারী।

“এসময় তাদের সাথে ধস্তাধাস্তি ও চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জাবেদকে হাতেনাতে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা আশিকুর জানান, এ ঘটনায় মোবারক ডবলমুরিং থানায় মামলা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে জাবেদকে নিয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, রাতে পাহাড়তলী রেল স্টেশন লোক শেডের কাছে ফুট ওভারব্রিজ থেকে বেলাল, খোকন ও আরমানকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ছুরি, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পরিদর্শক জহির বলেন, জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং বেলালের বাসা থেকে ১০ হাজার ও রায়হানের কাছ থেকে এক হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাকি টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।   

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ডবলমুরিং, আকবরশাহ ও হালিশহর থানায় একাধিক করে মামলা আছে।