২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ডেল্টায় ‘বিজনেস ফেয়ার’

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ)  অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজনেস ফেয়ার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 09:07 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

বুধবার সকালে মেলা উদ্বোধন করেন ইডিইউ উপাচার্য অধ্যাপক ড. মু. সিকান্দার খান। সম্মানিত অতিথি ছিলেন বিএসআরএম’র পরিচালক সাবিন আমীর।

বিকালে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। 

‘এনগেজিং মাইন্ডস, এমপাওয়ারিং সাক্সেস’ এই শিরোনামে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইডিইউ স্কুল অব বিজনেস তাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করে।

উপাচার্য সিকান্দার খান বলেন, “প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। এ ধরনের প্রতিযোগিতাগুলো উজ্জ্বল মেধাবীদের নতুন নতুন চিন্তাকে তুলে আনতে সক্ষম।”

ইডিইউতে পড়ুয়া তরুণ উদ্যোক্তারা হরেক রকমের পণ্যের পসরা নিয়ে অংশ নেয় এ মেলায়। মোট ৪১টি দল নিজেদের প্রস্তুতকৃত রকমারি জিনিসপত্র-খাবার বিক্রি করে।

স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরীর নেতৃত্বে পুরো আয়োজনটি সমন্বয় করেন সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার, প্রভাষক রওনক আফরোজ ও দেওয়ান মেহরাব আশরাফী।

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবিরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য সাজিয়া আবদুল্লাহ, মহাপরিচালক সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, ট্রেজারার অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।

মেলায় তিনটি দলকে পুরস্কৃত করা হয়। তৃতীয় স্থান লাভ করে পেইন্টিংস ও নানা হাতে তৈরি সামগ্রী নিয়ে মেলায় অংশ নেওয়া ‘পেইন্টাফটস’ দল, দ্বিতীয় স্থান লাভ করে অপ্রয়োজনীয় ও নষ্ট হয়ে যাওয়া বা ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাউন্ডসিস্টেম-রেডিওর মতো পণ্য তৈরি করা দল ‘রিসাইকেল বিন’।

পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে মানসম্পন্ন খাবার প্রস্তুত ও পরিবেশনকারী দল ‘দি ওভেন’ ১ম স্থান অধিকার করে।