২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ফেইসবুক পেইজ ‘নকল করে’ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলা পুলিশের ফেইসবুক পেইজ ‘নকল করে’ বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 09:01 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

জেলা গোয়েন্দা পুলিশ নগরীর হালিশহর বড়পুল এলাকা থেকে মঙ্গলবার রাতে মো. রমজান হোসেন ওরফে রাজু (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি ফেনী পৌরসভার পশ্চিম কাজীরবাগ এলাকায়।  

এই ঘটনায় হালিশহর থানায় একটি মামলা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান।

তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সেলিম মিয়া বাদী হয়ে মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে হালিশহর থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, “গ্রেপ্তার রমজান কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পুলিশের লোগো, ছবি ব্যবহার করে একটি ফেইসবুক আইডি পরিচালনা করে আসছিল।

“এক নারী কনস্টেবলের ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করার পর এডিট করে বিভ্রান্তিকর তথ্য ও অশ্লীল ছবি পোস্ট করে আসছিল।”

ফেইসবুক বিভিন্ন ধরনের অশ্লীল ছবি ও তথ্য পোস্ট করার বিষয়টি নজরে আসায় রমজানকে আটক করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল।

গত শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের ফেইসবুক পেইজ থেকে সবাইকে সচেতন করতে একটি পোস্টে বলা হয়, “সময়ের সাথে ক্রমবর্ধমান অপরাধের সাথে তাল মিলিয়ে জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা পুলিশের ফেইসবুক পেইজ (লিংক https://www.facebook.com/CtgDistPolice/) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

“দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, একটি কুচক্রীমহল চট্টগ্রাম জেলা পুলিশের নামে ভূয়া ফেইসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, চট্টগ্রাম জেলা পুলিশের আর কোনো ফেইসবুক পেইজ বা আইডি নেই। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।”