ডেঙ্গু শনাক্তে সিসিসির হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা
ডেঙ্গু জ্বর শনাক্তে বিনামূল্যে রক্ত পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার দুপুরে নগরীর আলকরণ মোড়ে সিসিসি পরিচালিত জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এই হাসপাতালে নগরীর যে কোনো প্রান্তের বাসিন্দা বিনামূল্যে ডেঙ্গু এনএস ওয়ান, সিবিসি ও প্লাটিলেট পরীক্ষা করাতে পারবেন।
প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। সোমবার প্রথমদিনে ৬০ জন বিনামূল্যে রক্ত পরীক্ষা করান।
পাশাপাশি সিসিসি পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল দুইটা পর্যন্ত ডেঙ্গু সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেওয়া হবে।
নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা করা হবে বলে জানান মেয়র।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির বলেন, সচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এই ব্যাপারে সবার দায়িত্ব আছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ও সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষার জন্য সিসিসির ক্রাশ প্রোগ্রাম চলছে বলে জানান তিনি।
মেয়র বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে ঝোপ-ঝাড় এবং নালা নর্দমা পরিষ্কারসহ এডিস মশা এবং মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটাচ্ছে প্রতিদিন।”
এই পরিচ্ছন্ন কার্যক্রম নিবিড়ভাবে দেখভাল করার জন্য ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান মেয়র।
সিসিসির স্বাস্থ্য ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ।
