চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৪ মামলার আসামি নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
রোববার বিকালে উপজেলার চাম্বল ইউনিয়নের পাহাড়ি এলাকায় ডাকাতদলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে বলে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন।
নিহত মো. জাকেরের (৪০) বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২৪টি মামলা আছে বলে র্যাব জানিয়েছে।
তার বাড়ি পূর্ব চাম্বলের ছড়ারকুল গ্রামে।
মেজর মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাম্বলের পাহাড়ি এলাকায় আস্তানা করে জাকের একটি বাহিনী গড়ে তুলেছিল। তারা বিভিন্ন স্থানে ডাকাতি, দস্যুতাসহ নানা ধরনের অপরাধ করত।
“বিকালে চাম্বলের পাহাড়ি এলাকায় ড্রোন ব্যবহার করে জাকেরের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সেখানে অভিযানে গেলে র্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।”
তিনি বলেন, গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জাকেরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
সেখান থেকে বিভিন্ন ধরনের ১১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয় বলে জানান মেজর মেহেদী।
