২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ৩৩৯ কোটি টাকার বাজেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2019, 09:16 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

প্রস্তাবিত বাজেটে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন খাতকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ রাখা হয়েছে ২১২ কোটি ৭০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬২ দশমিক ৭১ শতাংশ। তাদের পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৩ কোটি, যা মোট বাজেটের ১৫ দশমিক ৬২ শতাংশ।

এছাড়া গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২৩ শতাংশ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৩১তম সিনেট সভায় এই বাজেট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম নুর আহমদ।

চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়সহ ৫০৯ কোটি ৯৪ লাখ টাকা চাহিদার বিপরীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে প্রস্তাবিত বাজেটে ১৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঘাটতি ধরা হয়েছে ৬ কোটি ৬৮ লাখ টাকা।

গত অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ৩২৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেট তার আকার দাঁড়ায় ৩৩৪ কোটি ৩৭ লাখ টাকা।

বাজেট অধিবেশনে উপাচার্য শিরীণ আখতার, সিনেট সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিনেট সভায় স্পিকার মনোনীত সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান প্রমুখ বক্তব্য দেন।