২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ভিসার জন্য ভুয়া কাগজ না দেওয়ার পরামর্শ

ভারতের ভিসার জন্য ভুয়া কোনো কাগজ না দেওয়ার পরামর্শ দিয়ে বাংলাদেশে দেশটির সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, এতে জটিলতাই বাড়বে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 09:35 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

অনিন্দ্য বলেন, “একটা অনুরোধ, কেউ যেন (ভিসার জন্য) ভুয়া কাগজ জমা না দেয়। আমরা বুঝতে পারি, কোনটা ভুয়া, কোনটা আসল। আপনাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা হয়।

“যদি কোনো ডকুমেন্ট না থাকে তখন একটা চিঠি লিখে দেবেন। চেষ্টা করব। দয়া করে, ভুয়া কাগজ জমা দেবেন না।”

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে ভারতীয় দূতাবাসের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “যখন থেকে ভিসা সহজীকরণ হয়েছে, তখন থেকে ভুয়া কাগজ কমে গেছে। তবে এটা জিরো হলে ভালো হয়।”

২০১৬ সালে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার থেকে এক লাখ ৪০ হাজার ভিসা দেওয়া হয়। ২০১৭ সালে তা বেড়ে হয় এক লাখ ৬০ হাজার। ২০১৮ সালে এ সংখ্যা এক লাখ ৮৯ হাজার এবং চলতি বছর এ সংখ্যা বেড়ে দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে।

অনিন্দ্য বলেন, “জানুয়ারি মাসের পর থেকে আর চট্টগ্রাম অফিসে ভিড় হচ্ছে না। চট্টগ্রাম ডিভিশনে তিনটা ভিসা কালেকশন সেন্টার করেছি। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। এখন কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা আর এখানে আসে না। তাই খুব তাড়াতাড়ি আপনাদের ভিসা প্রসেস হয়ে যায়।”

সভায় বাংলাদেশের উন্নয়নের চিত্র নজরে আসার কথাও জানান ভারতীয় এই কর্মকর্তা।

অনিন্দ্য বলেন, “যারা থাকে তারা বুঝতে পারে না। যারা বাইরে থেকে আসে তারা বুঝতে পারে। ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকায় ছিলাম। তারপর ২১ বছর পরে ২০১৭ তে চট্টগ্রাম আসি।

“সহকর্মীরা বলেছে, বাংলাদেশ খুব উন্নতি করেছে। কিন্তু এতটা উন্নতি করেছে, এটা ভাতে পারিনি। এজন্য বাংলাভাষী হিসেবে আমার খুব গর্ববোধ হয়। বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী। আশা করি, বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নতি করবে।”

ভারতীয় উপমহাদেশে জঙ্গিবাদ ঠেকাতে সাংস্কৃতিক চর্চা সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেন অনিন্দ্য।

“আমাদের উপমহাদেশে আমাদের যুব সমাজ মাদক ও জঙ্গিবাদের দিকে যাচ্ছে। এটাকে ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য সংস্কৃতি হল সব থেকে বড় হাতিয়ার। তাই আমরা এটাতে বেশি জোর দিচ্ছি।”

সাম্প্রতিক সময়ে ভারতীয় দূতাবাসের উদ্যোগে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টি তুলে ধরেন তিনি।

সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিক, জ্যেষ্ঠ সাংবাদিক ওমর কায়সার ও সালাউদ্দিন রেজা।

উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ অন্য নেতারা।