সিআইইউতে বিজনেস স্টুডেন্টস সোসাইটির নতুনদের অভিষেক
চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আয়োজিত হয়েছে বিজনেস স্টুডেন্টস সোসাইটির (বিএসএস) নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান।
সিআইইউর জামালখান ক্যাম্পাস মিলনায়তনে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট ও সিআইইউর বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ বলেন, “নিত্য নতুন ধারণার মাধ্যমে চিন্তার দুয়ার প্রসারিত করে এগিয়ে যেতে হবে।”
বিএসএস সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী বলেন, “সম্মিলিতভাবে কাজের আনন্দ অন্যরকম। গুণগত, ইতিবাচক, ভালো কিছু করার জন্য নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।”
সংগঠনের নতুন সদস্যদের বরণ করার পাশাপাশি ও সদ্য বিদায়ী সদস্যদের বিদায় জানানো হয় এই অনুষ্ঠানে।
বিশ্ববিদ্যালয়ের বিএসএস সংগঠনের সদস্যরা লেখাপড়ার পাশাপাশি বিজনেস কেস, মেধা যাচাই প্রতিযোগিতা, উদ্যোক্তা মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে।
আফসানা ফাইরুজের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ফ্যাকল্টি ইনচার্জ ও প্রভাষক সাঈদ হাসান, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ট রিচার্ডসন, ভাইস প্রেসিডেন্ট ইরফান আহমেদ, কার্যকরী কমিটির সদস্য জারিন সুবাহ প্রমুখ।
