২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা কারাগারে মারাও যেতে পারেন, শঙ্কা অলির

অসুস্থ খালেদা জিয়া কারাগারে মারাও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সে রকম কিছু হলে দায় সরকারের উপর বর্তাবে বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করেছেন এলডিপি সভাপতি অলি আহমদ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 09:59 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ভোটগ্রহণ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে  আসা অলি বলেন,  “বেগম খালেদা জিয়া মুক্ত হলে দেশ ও জাতি মুক্ত হবে। আমাদের স্লোগান হবে-জাতিকে মুক্ত কর। এই মুক্ত করা বাংলাদেশকে সঠিকভাবে দুর্নীতিমুক্ত পথে পরিচালিত করার জন্য।

“বেগম খালেদা জিয়া যে অসুস্থতায় আক্রান্ত, তিনি কারাগারে মারাও যেতে পারেন। সেরকম কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। এজন্য বদনাম হবে সরকারের।”

দেশের প্রতিটি জেলায় পুনঃনির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করা হবে বলেও জানান অলি।

কোনো দলের উপর তারা  ‘নির্ভরশীল’ নন দাবি করে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক এলডিপির সভাপতি বলেন, “পাকিস্তানে অনেক বড় বড় দল ছিল। কিন্তু ইমরান খান প্রধানমন্ত্রী হন। জাতিকে বুঝতে হবে। কাউকে আঁকড়ে ধরে থাকলে চলবে না।”

দেশে  ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে’ দাবি করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “নিয়ন্ত্রিত গণতন্ত্র বা একনায়কতন্ত্র মেনে নিতে পারি না। বাংলাদেশে এটা চলছে। মুক্তিযুদ্ধের চেতনা আমরা বিসর্জন দিব না।

“মুক্তিযুদ্ধের চেতনা মানে সবাইকে ঘরে বসিয়ে রাখব, আর একা ভোট ডাকাতি করব, এটা নয়। আশা করি, জনগণ ও সকল বিরোধী দল আমাদের সমর্থন করবে।”

‘অর্নিবাচিত’ জাতীয় সংসদ ও সরকারের ‘অবসান’ চেয়ে অলি আহমদ বলেন,  “আমরা কারও ধ্বংস চাই না। সকলের প্রতি শ্রদ্ধাশীল। জাতিকে বিভক্ত নই, ঐক্যবদ্ধ করতে চাই।”

সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন,  “আমরা ২০ দলীয় জোটে ছিলাম, আছি, থাকবো। ২০ দলীয় জোট আমাদের।

“বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আমাদের মতের পার্থক্য আছে। নির্বাচনের তিন মাস আগে থেকেই বিভেদ আছে। এলডিপি নয়টি আসন চেয়েছিল, পাননি। সাত বছর বিএনপির সাথে ছিলাম। একটির বেশি আসন পাইনি।”

ইবরাহিম বলেন, “আইনের অপপ্রয়োগ ও কূট কৌশলের মাধ্যমে বেগম খালেদা জিয়া আজ জেলে। তখন আপনারা বলেছিলেন এটা আইনি সমস্যা; এখন বলছেন রাজনৈতিক। এটা দূরদর্শিতার অভাব। উনি আজ জেলে, আমরা যারা উনার রাজনৈতিক সহকর্মী তাদের দোষে।

“একটা পক্ষ এখনও বলছে, বেগম খালেদা জিয়ার মুক্তি আগে, না নির্বাচন আগে। যেটা আগে করা সম্ভব সেটাই করব।”

দেশের অর্থনীতি ‘চরম সঙ্কটে’ উল্লেখ করে অলি বলেন, “দেশে এখন টাকা থাকলে সব রকম অন্যায় করে পার পাওয়া যায়। নেতা হওয়া যায়, মন্ত্রীও হওয়া যায়।

“দেশের অর্থনীতি চরম সংকটে। অবৈধ সংসদে উত্থাপিত বাজেট এর উদাহরণ। ভীতিকর সংকটময় এই অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টির কারণ সরকারের দায়বদ্ধতা নেই।”

ছয় মাসের মধ্যে অর্থনীতিতে ধস নামতে পারে এমন আশঙ্কা করে সাবেক মন্ত্রী অলি বলেন, “দেশে যত টাকা আছে তার ৪০ শতাংশ বাইরে চলে গেছে। এত বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন করবে? এত ঋণ কীভাবে শোধ করবে?”

সভায় এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম মহাসচিব কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সাংসদ ইসমাইল হোসেন বেঙ্গল, এলডিপি নেতা নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।