২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের ভেতরে মা-মেয়ের ঝুলন্ত লাশ

চট্টগ্রামে একটি বাসা থেকে মা ও দুই বছর বয়েসী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 11:03 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

রোববার নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর মসজিদ গলির লিচু বাগান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এদের একজন লক্ষ্মী রানী সরকার (২২) এবং অন্যজন তার দুই বছর বয়সী মেয়ে অনন্যা সরকার। 

তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে। স্বামীর সঙ্গে চট্টগ্রামে থাকতেন লক্ষ্মী রানী। 

লক্ষ্মী রানীর স্বামী নন্দন সরকার নগরীতে ভ্রাম্যমান চা ও রুটি বিক্রি করেন। 

পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নন্দন সরকার বলেছেন, সকালে চা বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। দুপুরে তিনি বাসায় এসে ভগ্নিপতিকে নিয়ে আবার বের হন। 

“স্ত্রীর ফোন পেয়ে বিকাল ৪টার দিকে বাসায় আসেন। দরজা বন্ধ দেখে বাইরে থেকে লাঠি দিয়ে হুক খুলে ঘরে ঢুকে ফ্যানের সাথে স্ত্রী ও মেয়ের লাশ ঝুলতে দেখেন তিনি।”

থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

লক্ষ্মী আত্মহত্যা করলে তা কী কারণে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এসআই ইমাম।