দেয়ালজুড়ে ‘বাংলাদেশের অগ্রযাত্রা’
বাংলাদেশের স্বাধীনতা থেকে পার্বত্য শান্তি চুক্তি এবং বর্তমান সরকার আমলে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঠাঁই পেয়েছে চট্টগ্রামের লালদীঘি পাড়ে গণপূর্ত অধিদপ্তরের বাংলোর দেয়ালে।
শুক্রবার বিকেলে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী এবং দেয়ালচিত্রের শিল্পী শ্রীকান্ত আচার্যের উপস্থিতিতে টাইলস ম্যুরালের এই দেয়ালচিত্র উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, “চট্টগ্রাম নগরীকে ক্লিন সিটি ও গ্রিন সিটি করার যে পরিকল্পনা, তারই অংশ হিসেবে এই কাজটি করা হয়েছে। ঐতিহাসিক লালদিঘীর মাঠেও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে।
“সরকারের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ও পদক্ষেপ এই দেয়ালচিত্রে উঠে এসেছে। স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীকে আরও সুন্দরভাবে সাজানো সম্ভব হবে।”
‘সমৃদ্ধির বাংলাদেশ’ শীর্ষক এই দেয়ালচিত্র সিরিজটি শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দিয়ে।
‘সোনার বাংলা’ শীর্ষক দেয়ালচিত্রটিতে হলুদ ফুলে ভরা সরিষার খেতে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ছুটে চলেছে দুরন্ত কিশোর।
এরপর একে একে দেয়ালচিত্রে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের মুর্হূত, পদ্মা সেতু, ডুবোজাহাজ ও প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের দৃশ্য ফুটে উঠেছে।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে শেষ হয় দেয়ালচিত্র।
নগরীতে পথ চলতি মানুষ আগ্রহ নিয়েই এসব দেয়ালচিত্র দেখছিলেন।
“সবাই বলে উন্নতি হচ্ছে। কিন্তু সেটার প্রতিফলন তো দেখা যেতে হবে। এ রকম আরও উদ্যোগ নিলে শহরটাও সুন্দর ও পরিচ্ছন্ন মনে হয়। এটা রুচিবোধের পরিচয়।”
চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এই টাইলস ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
“মাননীয় প্রধানমন্ত্রী এই তিন মেয়াদে এবং আগের মেয়াদে যেসব সফল উদ্যোগ নিয়েছেন সেগুলো নিয়েই এই দেয়ালচিত্র সাজানো হয়েছে। সংলগ্ন লালদীঘি মাঠেও এর সাথে সামঞ্জস্য রেখে সৌন্দর্য বর্ধন করা হবে।”
শিল্পী শ্রীকান্ত আচার্য্য বলেন, “১৯টি ম্যুরালে সিরিজটি সাজানো হয়েছে। এর মাধ্যমে একটি মেসেজ দিতে চেয়েছি। আর তা হলো বাংলাদেশের অগ্রযাত্রা।”
