যোগ ব্যায়ামে মনোযোগী হওয়ার পরামর্শ মেয়র নাছিরের
প্রযুক্তির প্রসারে যুগে সন্তানদের শারীরিক সমস্যা থেকে পরিত্রাণ পেতে যোগ ব্যায়ামের প্রতি মনোযোগী হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার সকালে পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস দিবস-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নগরীর রাইফেল ক্লাব মিলনায়তনে ভারতীয় দূতাবাস, চট্টগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “বর্তমানে বৈশ্বিকভাবে সবাই কিছুটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত পথ চলতে আমাদের সংগ্রাম করতে হচ্ছে।
“প্রযুক্তির প্রসারের কারণে আমাদের সন্তানরা খেলাধুলা ও শারীরিক পরিশ্রম করে বেশিরভাগ সময় ঘরে বসে ইন্টারনেটে সময় কাটাচ্ছে। ফলে আমরা যেমন অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছি, ঠিক একই সময়ে আমাদের সন্তানরাও শারীরিক সমস্যায় ভুগছে।”
তিনি বলেন, এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে ইয়োগার বিকল্প নেই। শরীর-মন ভালো রাখতে হলে ইয়োগা চর্চা করতে হবে।
“ইয়োগার ধারণা ও চর্চা কয়েক হাজার বছর পূর্বে আমাদের এই উপমহাদেশে শুরু হয়েছিল। এটা এখন সাধারণ মানুষের মধ্যে চলে এসেছে এবং এর চর্চা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামে ভারতের সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি।
