২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, দুইজন গ্রেপ্তার

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 06:11 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

গ্রেপ্তাররা হলেন দুলাল আহম্মেদ (৫৫) এবং চিরঞ্জিব দাশ প্রকাশ রঞ্জিব (৫৬)।

এদের মধ্যে দুলাল কোতোয়ালী থানার দেওয়ান বাজার এবং চিরঞ্জিব বাকলিয়া থানার ডিসি রোড এলাকার বাসিন্দা।

এই চক্রের অন্য দুই সদস্য খোরশেদ (৪০) ও সুজন (৩৫) পলাতক বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়ন্দা পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে চকবাজার থানার গুলজার টাওয়ারের সামনে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

“নিজেদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশের এসআই ও কনস্টেবল পদসহ অন্যান্য সরকারি চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে তারা।”

পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন বলেন, তাদের প্রতারণার জালে পড়ে অনেক চাকরি প্রত্যাশী ও তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে।