চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার সকালে বাইন্যাপাড়া দুর্গা মন্দিরের পাশে তপন সেন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান জানান।
মৃত রণজিৎ দাশ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের যোগেন দাশের ছেলে। চট্টগ্রামে তিনি থাকতেন দক্ষিণ কাট্টলীর দেবেন্দ্র মাস্টার বাড়ি এলাকায়।
আহত নির্মাণ শ্রমিক শ্যামল দাশকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন ভবনটির পাশেই বিদ্যুতের একটি বড় খুঁটি আছে। ওই খুঁটি হয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে।
“নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকদের কাজের সময় নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। অসাবধানতাবশত দুই শ্রমিক ওই তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক রণজিৎকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি মঈনুর রহমান।
