চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাইয়ের আসামি আহত
চট্টগ্রামে ছিনতাই মামলার এক আসামি গ্রেপ্তার হওয়ার পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে আমবাগান রেলওয়ে জাদুঘর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে
খুলশী থানার ওসি প্রণব চৌধুরীর ভাষ্য।
আহত মো. ইয়াসিনের (৩০) বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১৮টি মামলা আছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গত ১১ জুন ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে আসা মহসিন উদ্দিন বাবু নামে এক বাসযাত্রীকে ছুরি দেখিয়ে ১৩ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি এলইডি টিভি ছিনতাই করে নিয়ে যায় কয়েকজন যুবক।
ওই ঘটনায় খুলশী থানায় একটি মামলা করেন বাবু। এরপর ১২ জুন অভিযান চালিয়ে ওমর ফারুক ও বাবুল হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আদালতে তাদের দেওয়া জবানবন্দিতে ওই ছিনতাইকারী দলের নেতা হিসেবে ইয়াসিনের নাম আসে বলে জানান প্রণব।
এরপর বৃহস্পতিবার রাতে শহরের ঢেবার পাড় এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ে জড়িত থাকার কথা ‘স্বীকার করে’ এবং রেলওয়ে জাদুঘর এলাকায় সহযোগীদের কাছে ছিনতাইয়ের মালামাল থাকার কথা জানায় বলে ওসির ভাষ্য।
তিনি বলেন, “রাত ১টার দিকে ইয়াসিনকে নিয়ে পুলিশের একটি দল ওই মালামাল উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ইয়াসিনের পায়ে গুলি লাগে।”
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফরিদুল ইসলাম (১৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করে এবং ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে বলে জানান ওসি।
আহত ইয়াসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
