২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির নদীতে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার

ফটিকছড়ির ফেনী নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 07:27 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পুরাতন রামগড় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভুজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, তিন শিশুর মধ্যে আজহার (১২) ও মো. জোবায়ের (১৪) আপন ভাই।

আর অপরজন তৌহিদ (৭) তাদের খালাত ভাই। তার বাবার নাম ইফতেখার আলম।

আজাহার ও জোবায়ের বাড়ি বাগানবাজার এলাকায়। তাদের বাবা বোরহান উদ্দিন প্রবাসী। তৌহিদের বাড়ি ভুজপুর থানার বাংলাবাজার এলাকায়।  

ওসি শেখ আবদুল্লাহ বলেন, “তৌহিদ তার খালার বাসায় বেড়াতে গিয়েছিল। সকালে খালাত ভাইদের সাথে সে ফেনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।”

এর আগে সকাল ১১টার দিকে ভুজপুর থানার বাগানবাজার এলাকায় ফেনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। বেলা দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।