২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে পোস্ট: চবি কর্মচারী নিবারণের জামিন

ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিবারণ বড়ুয়াকে জামিন দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 02:13 PM

Updated : 18 Aug 2022, 05:24 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় সিনিয়র ‍জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করে আদালত।

বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছে।

“আসলে ভুল উপলব্ধি থেকে এই মামলা করা হয়েছে। ফেইসবুকে যে কমেন্টেসের (মন্তব্য) কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে তা ধর্মীয় কোনো বিষয়ে নয়। এটি বিশ্ববিদ্যালয়ের আলোচিত একটি বিষয়কে ইঙ্গিত করে করা হয়। ১০ মিনিট পরই সে মন্তব্য মুছেও দেওয়া হয়।”

মামলার আসামি নিবারণ বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী।

গত ২২ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের নিচে তিনি একটি মন্তব্য করেন।

এরপর ২৯ মে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ লাগার অভিযোগ এনে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান।  

ওই মামলায় সোমবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিবারণ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিধিমালা অনুসারে বুধবার নিবারণ বড়ুয়াকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

মামলার বাদি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনেই মামলাটি করেছি।

“মামলায় প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দিয়েছি। এখন তদন্ত সংস্থা তদন্ত করবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।”

পুরনো খবর:

ফেইসবুক পোস্ট নিয়ে চবি কর্মচারী গ্রেপ্তার
ফেইসবুকে পোস্ট: চবির সেই কর্মচারী সাময়িক বরখাস্ত