চট্টগ্রামে ৩ ফার্মেসিকে জরিমানা
অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা করায় চট্টগ্রামের তিনটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার ইপিক মার্কেটের তিনটি ফার্মেসিতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আলী হাসান।
অভিযানে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিক্যাল হলকে ২০ হাজার এবং ডায়মন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আলী হাসান বলেন, “ফার্মেসি তিনটি ওষুধ বিক্রির পর ক্যাশমেমো দিচ্ছিল না, এছাড়া অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ বিক্রি করছিল। এছাড়া ওষুধে নির্দেশিত তাপমাত্রায় তা সংরক্ষণ করার বিষয়টি দেখা যায়নি।”
সব মিলিয়ে প্রতিষ্ঠান তিনটিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
