অনুমোদিত গণমাধ্যমকে সুরক্ষা দিতে হবে: নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, গণতন্ত্র, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে ‘অনুমোদিত’ গণমাধ্যমকে সুরক্ষা দিতে হবে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চশমা হিলের বাসভবনে সংবাদকর্মীদের জন্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নওফেল বলেন, “আমাদের যে ওপেন স্কাই পলিসি, একেবারে যে উন্মুক্ত প্রকাশনা পলিসি সেখানে লাগাম ধরার প্রয়োজন আছে। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, সামাজিক স্থিতিশীলতা এবং জননিরাপত্তার ম্বার্থে গণমাধ্যমকে সুরক্ষা দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনতাও টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।"
‘অনুমোদনহীন’ গণমাধ্যমের সঙ্গে ‘অনুমোদিত’ গণমাধ্যমকে প্রতিযোগিতা করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “বিশেষায়িত গণমাধ্যম প্রয়োজন। অনুমোদনের পর সেখানে সুরক্ষা প্রয়োজন। একেবারে ওপেন স্কাই, যাদের ডিক্লারেশন নেই, তাদের সাথে যখন আমাদের প্রতিযোগিতায় নামতে হয় তখন...
“যাদের ডিক্লারেশন নাই তাদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু অনুমোদিত যারা, সরকারের অনেক নিয়ম-কানুন তাদের মেনে চলতে হবে। চটকদার নিউজও করা যাবে না, নিয়ন্ত্রণও থাকবে। তাদের ওয়েজ বোর্ড বাস্তবায়নও করতে হবে।”
পারিবারিক সূত্রে বেসরকারি বিজয় টেলিভিশনের মালিকানায় থাকা নওফেল বলেন, “নবম ওয়েজ বোর্ড আসছে। বাস্তবায়ন হোক এটা সবাই চায়। কিন্তু বাস্তবায়নের বিষয়ে গণমাধ্যমের যে সুরক্ষা থাকতে হবে, সে বিষয়ে কথা বলতে হবে।
“গণমাধ্যমগুলো যদি তাদের নির্ধারিত আয়ের সুরক্ষা করতে না পারে তাহলে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়িত হবে কিভাবে, এটা চিন্তার ও আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি।"
সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, “আমরা যারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রণালয়ে আছি, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনকে আস্থায় নিয়ে আমাদের কাজ করতে হয়। সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
“আপনারা মাঠ থেকে সরাসরি প্রতিবেদন দেন। আমি ও আমার মন্ত্রী বসে নিউজ ক্লিপিং থেকে অনেক সিদ্ধান্ত নিই। আমরা দু'জন মনে করি আপনার আমাদের সব থেকে বড় বন্ধু।'
চট্টগ্রাম ‘বৈষম্যের শিকার’ ছিল
শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম অনেক পিছিয়ে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, “আগে বাইরে থেকে দেখতাম। এখন দায়িত্ব নিয়ে দেখছি শিক্ষা ক্ষেত্রে চট্টগ্রামে ব্যাপক সংকট।
“শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম কী পরিমাণ পিছিয়ে! অনেক বিশাল তারতম্য ও বৈষম্য আছে। সেজন্য ভবিষ্যত খুব কঠিন হবে। দক্ষিণ চট্টগ্রামে মানে কর্ণফুলী থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু নেই। এখানে বিশাল বিনিয়োগ হচ্ছে। কিন্তু মানবসম্পদ আসবে কোথা থেকে?"
ইফতার আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
