২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে ৬ দালালের সাজা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে ছয় দালালকে ধরার পর তাদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 07:40 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বুধবার বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন বিআরটিএ’র তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক, জিয়াউল হক মীর ও সোহেল রানা।

দণ্ডিতরা হলেন আবুল খায়ের, মো খোরশেদ, মহসিন চৌধুরী, মো. মুন্না, শাহ আলম ও জানে আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্যালয় প্রাঙ্গণে দালালরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালানো হয়।

“শুরুতে ১৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মধ্যে ছয়জন দালাল। বাকিরা নিজেদের কাজে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। ছয় দালালের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে তারা কেউ ছয় মাস ধরে, কেউ এক বছর ধরে এ কাজে যুক্ত বলে জানিয়েছে।

“যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন ধরণের কাগজপত্র তৈরিতে তারা দালালি করে থাকে। এ সংক্রান্ত আরো কিছু তথ্য আমরা পেয়েছি। সেসব তথ্য যাচাই করা হচ্ছে। কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে দালালদের দৌরাত্ম্যর অভিযোগ দীর্ঘদিনের। গত বছরও বিআরটিএ বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে দণ্ডিত করা হয়েছিল।