চট্টগ্রামে ছুরিতে রিকশাচালকের মৃত্যু
বন্দর নগরীতে নিজ বাসায় ছুরিকাঘাতে আহত এক রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছে।
মঙ্গলবার সকালে মো. রাজু (২২) নামের ওই যুবককে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায় বলে পুলিশ জানায়।
তবে রাজু কিভাবে ছুরিকাঘাতে আহত হয় তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মঙ্গলবার ভোরে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার আজিজের কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজুর (২২) বাবার নাম চান মিয়া।
ওই বাসায় তিনি একাই থাকতেন বলে পুলিশ জানিয়েছে। রাজু কখনও রিকশা আবার কখনও রিকশাভ্যান চালাতেন।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “হাসপাতালের পুলিশের কাছ থেকে আমরা ঘটনার বিষয়ে জানতে পারি। বাসার ভেতর রক্তাক্ত অবস্থায় রাজু পড়ে ছিল। বাসার মালিকের কাছ থেকে খবর পেয়ে বন্ধুরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
“সকাল ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাতটার দিকে রাজু মারা যায়।”
পুলিশ কর্মকর্তা জহির হোসেন বলেন, রাজুর বুকে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন আছে।
“কিভাবে, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। রাজুর বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।”
