অন্যদের অটোরিকশা চুরি করতেন তারা
নিজেরা মিলে তৈরি করেছেন অটোরিকশার স্ট্যান্ড; নিজেদের চালক ছাড়া অন্য কেউ অটোরিকশা রাখলেই চুরি করতেন তারা।
চট্টগ্রামে একটি চোরাই অটোরিকশা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, রোজগার কমে যাওয়ার আশঙ্কায় অন্যদের অটোরিকশা চুরি করতেন তারা।
গ্রেপ্তার এই দুই অটোরিকশা চালক হলেন- মো. জসীম উদ্দিন (৩৩) ও মো. শরীফ (৩৫)।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার জসীম, শরীফসহ কয়েকজন চালক মিলে মাঝিরঘাটের কর্ণফুলী শিপ বিল্ডার্স এলাকায় একটি অবৈধ স্ট্যান্ড তৈরি করেন। সেখানে তাদের নিজেদের চালক ছাড়া অন্য কাউকে অটোরিকশা রাখতে দিতেন তার তারা।
রোববার দুপুরে এক চালক স্ট্যান্ডে অটোরিকশা রেখে চা থেতে গিয়েছিলেন। ফিরে তার অটোরিকশা না পেয়ে তার মালিক মাসুদ আলমকে জানান ওই চালক। পরে এক ব্যক্তি অটোরিকশা ফেরত পেতে মাসুদকে ফোন করে এক লাখ দাবি করেন।
পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, মাসুদ সদরঘাট থানায় অভিযোগ করলে পুলিশ অভিযানে নামে। প্রথমে শরীফকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতেই কর্ণফুলী এলাকা থেকে জসীমকে গ্রেপ্তার করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে।
পরিদর্শক রুহুল বলেন, কর্ণফুলী শিপ বিল্ডার্স এলাকায় মাছের আড়ৎ থাকায় সেখানে লোকজনের আনাগোনা বেশি থাকে এবং অটোরিকশা চালকরা বেশি লাভের জন্য মাছ ও অন্যান্য মালামাল বহন করে।
“গ্রেপ্তার হওয়ারা জানিয়েছে, নিজেদের অতিরিক্ত রোজগারের কথা চিন্তা করে তারা নিজেদের লোকজন ছাড়া অন্য কোনো চালকের অটোরিকশা রাখতে দিত না। এজন্য চুরি করে তারা।”
গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রুহুল।
