চট্টগ্রামে সেপ্টেম্বরের মধ্যে কমিটি করার তাগাদা হানিফের
সেপ্টেম্বরের মধ্যে ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড, থানা এবং জেলা কমিটির সম্মেলন শেষ করে নতুন কমিটি গঠনের তাগাদা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত জেলার বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইউনিয়ন ওয়ার্ড থানা, উপজেলা এবং জেলা সম্মেলন শেষ করতে হবে। নতুন করে কমিটি গঠন করতে হবে।
আর সভার প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু সম্মেলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একটি কমিটি ১০-১২ বছর চলতে পারে না।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দল এবং সরকারের মধ্যে সমন্বয় দরকার। দলের নেতাকর্মীদের গঠনতন্ত্র জানতে হবে। পূর্ব প্রস্তুতি নিয়ে সম্মেলন করতে হবে।
বর্ধিত সভায় বিভিন্ন উপজেলা ও জেলা কমিটির নেতারা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। তৃণমূলের নেতাদের বক্তব্যে উঠে আসে বিভিন্ন সাংগঠনিক ইউনিটে মেয়াদোত্তীর্ণ ইউনিট থাকার কথা।
এ সময় কেউ কেউ সাংসদদের সঙ্গে এলাকার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কম বলে অভিযোগ করেন। উপজেলা নির্বাচনে অনেক সাংসদ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেও জেলা পর্যায়ের কয়েকজন নেতা অভিযোগ করেন।
উপজেলা নির্বাচনের বিষয়ে হানিফ বলেন, উপজেলা নির্বাচনে যেসব সাংসদ নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন তারা দলীয় শৃংখলা ভঙ্গে অভিযুক্ত হবেন।
তিনি বলেন, “সাংসদদের সঙ্গে অনেক উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকের দূরত্ব রয়েছে। দূরত্ব মিটিয়ে ফেলেন। মঙ্গল হবে। সাংসদ হিসেবে যেসব বরাদ্দ আসে তা বিতরণে দলীয় নেতাকর্মীদেরও সম্পৃক্ত করেন।”
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মতিন খসরু বলেন, “আওয়ামী লীগে কোনো গুণ্ডা-পাণ্ডা দরকার নেই। নেতার অভাব নেই। যারা কাজ করবে না তাদের সংগঠনে দরকার নেই। রাজনীতি করতে হলে নিরহংকারী হতে হবে।
“প্রবীণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নতুন কর্মী সংগ্রহের দিকে মনোনিবেশ করতে হবে। সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের সদস্য করতে হবে।”
‘পাহাড়ে নিরাপত্তাহীন দলীয় নেতাকর্মীরা’
পাহাড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সভায় জানান রাঙামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতাব্বর।
এ প্রসঙ্গে মাহবুবুল আলম হানিফ বলেন, “রাঙামাটির বিষয়টি আমাদের মাথায় রয়েছে। সেটা সরকারও জানে। এখানে শুধু আঞ্চলিক দলগুলোর সমস্যা নয়, আন্তর্জাতিক রাজনীতিও রয়েছে এর পেছনে। সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।”
চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, হুইপ সামশুল হক চৌধুরী, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী।
এছাড়া সংসদ সদস্য নজরুল ইসলাম, এম এ লতিফ, মাহফুজুর রহমান মিতা, সাইমুম সরওয়ার কমল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নারী সাংসদ ওয়াসিকা আয়শা খানম ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত ছিলেন।
