২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বনফুলের’ মিষ্টিতে মাছি, পচা ডিমে হচ্ছে ‘মধুবনের’ বিস্কুট

মিষ্টান্ন ও বেকারি পণ্যের নামী প্রতিষ্ঠান ‘বনফুল’ এর মিষ্টির পাত্রে মাছি এবং ‘মধুবন’ এ নষ্ট ডিম ও পাম অয়েল দিয়ে বিস্কুট তৈরির প্রমাণ মিলেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 08:22 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

শনিবার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বায়েজিদ এলাকায় বনফুলের কারখানায় গিয়ে দেখা যায় মিষ্টি রাখার টবে মাছি পড়ে আছে।

“বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ নেই। দই তৈরির স্থানটি অত্যন্ত নোংরা। পণ্য প্যাকিং করা হচ্ছে ফ্লোরে। কারখানার স্টোরেজ ফ্লোর ছিল স্যাঁতস্যাঁতে এবং সেখানকার শ্রমিকদের হাতে কোনো গ্লাভস নেই।”

এসব কারণে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে বনফুল অ্যান্ড কোম্পানিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেডের কারখানায় যায় ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান জানান, “সেখানে পচা ডিম ও নষ্ট পাম অয়েল দিয়ে বিস্কুট তৈরি করা হচ্ছিল। সেমাইয়ের টব ছিল খোলা। ইন্ডাস্ট্রিয়াল ত্রিপল দিয়ে বিভিন্ন খাদ্য ঢেকে রাখতে দেখা গেছে।

“এ কারণে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে মেয়াদোত্তীর্ণ ও নোংরা বিভিন্ন উপকরণ জব্দের পর ধ্বংস করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান।

যেসব জিনিস ধ্বংস করা হয় সেগুলো হল- ৬৫ কেজি মিষ্টি, ২১ কেজি দই, দেড় টন লাচ্ছা সেমাই, ৭৫ কেজি মেয়াদোত্তীর্ণ বিস্কুট, ৫২ কেজি ময়দা, ৮০০ কাপ কেক, ৮০টি নোংরা কম্বল, ৭৫০টি নষ্ট ডিম, ৫০ লিটার তরল ডিম, ১৬০ লিটার পাম অয়েল, ৫২ লিটার ভিনেগার এবং ৪৫০ পিস খালি প্যাকেট।