আগোরায় মেয়াদোত্তীর্ণ দই, চার লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে জনপ্রিয় সুপার শপ আগোরা-র একটি শাখায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ দইসহ অন্যান্য খাবার পেয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মাংস ও ফলমূল একই ফ্রিজে রেখেছিল তারা। এসব কারণে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে চট্টগ্রামে খুলশী মার্ট ও তাবা রেস্টুরেন্টকেও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এদিন আলাদা অভিযানে নগরীর জিইসি মোড় এলাকার বাসমতি রেস্টুরেন্ট এবং জামান হোটেলকেও জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সুপার শপ ‘আগোরা’য় অভিযান চালানো হয়।
“এ সময় দেখা যায় তাদের রেফ্রিজারেশনের কুলিং সিস্টেম নোংরা ও স্যাঁতসেঁতে। মাংস ও ফলমূল একই ফ্রিজে রাখা এবং মেয়াদোত্তীর্ণ দই ও অন্য খাদ্যপণ্য পাওয়া যায়। এ কারণে তাদের চার লাখ টাকা জরিমানা করা হয়।”
মাশকুর রহমান জানান, পচা মাংস পাওয়ায় সুপার শপ খুলশী মার্টকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
“অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ মাশরুম, ডালডা, বেসনসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং কাপড় ধোয়ার সোডা অন্যান্য খাদ্য উপকরণের সাথে সংরক্ষণ করায় তাবা রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।”
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ও ৫২ ধারা মোতাবেক এসব জরিমানা করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে দুই রেস্তোরাঁকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসমতি হোটেলে প্রবেশ করতেই দেখা যায় ভবনের নিচতলায় রমজান উপলক্ষে আলাদা একটি জায়গা তৈরি করে রাখা হয়েছে যেখানে সারি সারি ফ্রিজ-রেফ্রিজারেটর।
এরপর ওই রেস্টুরেন্টের ফ্রিজে বিপুল পরিমাণ ডালডা পাওয়া যায়।
তৌহিদুল ইসলাম বলেন, “বাসমতি রেস্টুরেন্টের সামনে দোকানের কর্মীরা উচ্চ স্বরে ক্রেতাদের ডাকছেন, ঘি-তে ভাজা জিলাপি ক্রয়ের জন্য। কিন্তু পাওয়া গেল ডালডা।”
গত বছর রোজায়ও এই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছিলেন এই ম্যাজিস্ট্রেট।
ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে হোটেলের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তি আরোপ করা হবে মর্মে এদিন ব্যবস্থাপকের কাছ থেকে মুচলেকা নেয় অভিযান দল।
এছাড়া জিইসি মোড় এলাকার জামান রেস্টুরেন্ট মেজবানি এন্ড কাবাবকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসী খাবার ও কাচা মাংস রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
