২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটেদের ছুরিতে বাবা খুন

চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে এক পান দোকানির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 12:50 AM

Updated : 08 Apr 2022, 04:10 PM

শুক্রবার রাত ৯টার দিকে নগরীর মুরাদপুরের পিলখানা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া জানান।

নিহত মোস্তাক আহমেদ (৪৫) ওই এলাকায় একটি পান-সিগারেটের দোকান চালাতেন। 

ওসি জানান, এলাকায় আড্ডা দেওয়া নিয়ে সন্ধ্যায় রাব্বী নামে এক তরুণসহ স্থানীয় কয়েকজন বখাটের সঙ্গে মোস্তাকের ছেলে নাঈমের ( ১৮) কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাত ৯টার দিকে রাব্বী দলবল নিয়ে আবার পিলখানা এলাকায় আসে এবং নাঈমকে মারতে শুরু করে।

এক পর্যায়ে মোস্তাক ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে রাব্বীর সঙ্গে থাকা শাহাদাত নামের এক যুবক মোস্তাকের বুকে ছুরি মারে।

রক্তাক্ত অবস্থায় মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে শাহাদাত ও সাজ্জাদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।