চট্টগ্রামে দুই কারখানা সিলগালা
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল মেশানো এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহায়তা করে র্যাব-৭ এর একটি দল।
নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় মোল্লা অ্যান্ড কোং এবং হোসেন অ্যান্ড কোং নামের দুইটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, “মোল্লা অ্যান্ড কোং এ জিরা সদৃশ ক্যারাওয়ে সিডস’র গুড়ো ব্যবহার করে জিরার গুড়ার মধ্যে ভেজাল দেওয়া হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন চুটকি সেমাই উৎপাদন করা হচ্ছিল।
“এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় এক লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।”
এছাড়া অনুমোদনহীন পণ্যে বিএসটিআই’র লোগো ব্যবহার করায় এবং অনুমোদন ছাড়া সেমাই উৎপাদন করায় হোসেন অ্যান্ড কোং’র বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে এসব প্রতিষ্ঠান থেকে ৩০ টন ভেজাল জিরা, ৬৫ টন চুটকি সেমাই, ১৫ টন লাচ্ছা সেমাই, পাঁচ টন এগ নুডলস এবং সাত হাজার লিটার কেমিকেল ও এসব পণ্য তৈরির মেশিন জব্দ করা হয়।
