চট্টগ্রামে মোটর সাইকেল-অটো রিকশা ‘চোর চক্রের’ চারজন গ্রেপ্তার
চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে টানা অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল ও সিএনজি অটো রিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমানুল হক ওরফে ইমন (২৩), মো. নাসির (২৮), মো. শাহাজাহান (২২) এবং কামাল উদ্দিন (২৫) মোটর সাইকেল ও সিএনজি অটো রিকশা চোর চক্রের সদস্য বলে পুলিশের দাবি।
বন্দরনগরীর বাকলিয়া, কক্সবাজারের ঈদগাহ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা তিন দিন অভিযান চালিয়ে বাকলিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকলিয়া থানায় কয়েকটি মোটর সাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে মঙ্গলবার শাহ আমানত সেতু এলাকা থেকে নাসিরকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়।
পরে ইমন ও শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে আরেকটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাসহ কামলকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য জানিয়ে ওসি নেজাম বলেন, “তারা চট্টগ্রাম নগরীতে সাধারণ মানুষের বেশে ঘুরে বেড়ায়। রাস্তার পাশে, ভবন কিংবা অফিসের সামনে পার্ক করে রাখা মোটর সাইকেল, অটোরিকশা সুযোগ বুঝে চুরি করে নিয়ে যায়।”
পুলিশ বলছে, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের কয়েকটি চক্রের সঙ্গে যোগাযোগ ছিল ওই চারজনের।
“চুরি করা এসব মোটর সাইকেল ও অটোরিকশার ইঞ্জিন ও যন্ত্রপাতি পরিবর্তন করে কিংবা নম্বর প্লেট পাল্টে আবার বিক্রি করত তারা।”
ওই চার জনের বিরুদ্ধে আগেও কয়েকটি মামলা হয়েছে বলে জানান ওসি।
