চট্টগ্রামের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে একটি বাসা থেকে ধ্রুব মজুমদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর হালিশহর রামপুর নয়াবাজার এলাকার জোবাইদা ভিলার পঞ্চম তলার একটি কক্ষ থেকে বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
ধ্রুবর বাড়ি সন্দ্বীপ উপজেলার সাতঘরিয়ায়।
পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ধ্রুব জোবাইদা ভিলার পঞ্চম তলায় থাকতেন বলে পুলিশ জানায়।
প্রতিবেশীদের বরাত দিয়ে হালিশহর থানার এসআই আব্দুস সোবাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনে বেশকিছু ব্যাচেলর ভাড়াটিয়া থাকেন। সেখানে ৮ নম্বর রুমে ধ্রুব তার এক ভাগ্নেকে নিয়ে থাকতেন।
তবে কিছুদিন ধরে ধ্রুব একাই বাসাটিতে ছিলেন জানিয়ে তিনি বলেন, “বুধবার সন্ধ্যায় পাশের কক্ষের এক যুবক ধ্রুবকে ইফতার খাওয়ার জন্য ডাকতে যায়। ওই সময় বাসার দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকে।
“ধ্রুবকে কক্ষে না দেখে ওই যুবক বাথরুমে গিয়ে তাকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় দেখতে পায়।”
পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সোবাহান।
সোবাহান বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকালের মধ্যে ধ্রুবর মৃত্যু হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
