২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশনের স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা, আটক ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে এক হাজার ৩৩০টি ইয়াবা জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 01:13 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট বারৈয়ারঢালা থেকে সোমবার গভীর রাতে প্রাইভেট কারটি থেকে ইয়াবা উদ্ধার ও চালকসহ চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন- চালক মুরাদ (২০), গাড়ির আরোহী নাজিম (৩৬), মোসলেহ উদ্দিন (৩৫) ও সায়েম (২৮)।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বেসরকারি গাজী টিভির স্টিকার লাগানো ঢাকাগামী একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে।

“ধাওয়া করে বারৈয়ারঢালা এলাকার হাক্কানি পেট্রোল পাম্পের সামনে  গাড়িটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি করে সিটে রাখা এক হাজার ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

এর আগে ২০১৫ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে নগরীর মেরিনার্স সড়কে একটি মাইক্রোবাসে থাকা কম্বলের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সেই মাইক্রোবাস থেকে গাজী টিভির কক্সবাজার প্রতিনিধি পরিচয়দানকারী মো. সেলিম ও তার স্ত্রী মুন্নিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেলিমের কাছ থেকে গাজী টিভির ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র পাওয়া যায়।