বাঁশখালীতে ডাকাতের গুলিতে গৃহকর্তার মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়িতে লুটপাট চালিয়ে পালাতে থাকা সময় ডাকাতের গুলিতে মারা গেছেন গৃহকর্তা।
সোমবার রাত তিনটার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আমিন (৫৫) ওই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ডাকাত দল যখন ওই বাড়িতে হানা দেয় তখন গৃহকর্তা আমিন কাছেই লিচুবাগানে পাহাড়া দিচ্ছিলেন।
“ডাকাতদের উপস্থিতি টের পেয়ে আমিনের স্ত্রী মোবাইল ফোনে স্বামীকে জানিয়ে দেন। খবর পেয়ে পাহাড়ায় থাকা আমিন মশাল নিয়ে ঘরের দিকে এগিয়ে আসেন।
“ডাকাতরা মোবাইল ফোন ও একজোড়া কানের দুল নিয়ে পালানোর সময় আমিনের সামনে পড়ে যায়।”
এসময় ডাকাতরা আচমকা আমিনকে গুলি করে পালিয়ে যায় জানিয়ে ওসি কামাল বলেন, গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
