২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস ধরে পাওয়া যাচ্ছে না মাদ্রাসাছাত্রকে

চট্টগ্রামে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রকে মাসখানেক ধরে খুঁজছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 06:48 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

নিখোঁজ মোহাম্মদ আশরাফুল ইসলাম ইমন (১৩) সীতাকুণ্ডের ফৌজদারহাটের হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় গত ১৫ এপ্রিল নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আশরাফুলের মা রোকসানা বেগম।

জিডিতে বলা হয়েছে, গত ৩০ মার্চ সকাল ১০টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল।

সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি বলে রোকসানা জিডিতে উল্লেখ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোকসানা বলেন, “বাদুরদতলা এলাকায় দারুল মুস্তাকিন তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে হাফেজ পাস করে গত জানুয়ারিতে ফৌজদারহাটের মাদ্রাসায় ভর্তি হয়েছিল আশরাফুল।”

“মাদ্রাসার ছাত্রাবাসে থাকলেও প্রতি বৃহস্পতিবার সে বাসায় আসে। ডায়রিয়া আক্রান্ত হয়ে গত ২৭ মার্চেও বাসায় এসেছিল।

“৩০ মার্চ সে বাসা থেকে বের হয়ে আমার দোকানে আসে। সুস্থ হয়েছে জানিয়ে সে মাদ্রাসায় যেতে চাইলে আমি তাকে বাসা থেকে তৈরি হয়ে রওনা হতে বলি।”

কাজীর দেউড়ির বিমান অফিসের কাছে চায়ের দোকান চালানো রোকসানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। চট্টগ্রামে থাকেন আসকারদিঘীর পাড়ে। তার এক মেয়ে, এক ছেলের মধ্যে আশরাফুল ছোট। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। অসুস্থ স্বামী বাসায় থাকেন।

দোকান থেকে চলে গেলেও আশরাফুল বাসায় যায়নি বলে জানিয়ে রোকসানা বলেন, “পরে খবর নিয়ে দেখেছি সেখানেও যায়নি আশরাফুল।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগেও কয়েকবার ছেলেটি বাসার কাউকে কিছু না বলে চলে গিয়েছিল। আবার ফিরেও এসেছে।

“এবারও সে স্বেচ্ছায় কোথাও গিয়ে লুকিয়ে আছে কিনা আমরা খতিয়ে দেখছি।”

এর আগেও আশরাফুলের দুইবার উধাও হওয়ার কথা স্বীকার করেছেন তার মা রোকসানা বেগম।

এর মধ্যে একবার রেল স্টেশন এলাকা থেকে, আরেকবার আমানত শাহ মাজার এলাকা থেকে তাকে খুঁজে আনা হয়েছিল বলে জানান তিনি।