ইয়াবার টাকার জন্য ‘বাবার গলায় খুর ধরার’ পর যুবক গ্রেপ্তার
ইয়াবা সেবনের টাকার জন্য বাবাকে খুন করতে উদ্যত এক যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, নগরীর রাহাত্তারপুল উজির আলী শাহ মাজার লেইন এলাকা থেকে শুক্রবার গভীর রাতে শেখ মোহাম্মদ ইরফান (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইরফান দীর্ঘদিন ধরে ইয়াবা আসক্ত। নেশার টাকার জন্য সে পরিবারের সদস্যদের মারধর করত। আগেও সে মা-বাবাকে হত্যার হুমকি দিয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
“শুক্রবার গভীর রাতে সে ছোট ভাইকে মারধর করে এবং বাসার জানালার কাঁচ ভাংচুর করে। এসময় তার বাবা ভাংচুর করতে নিষেধ করলে একটি খুর নিয়ে তার বাবার গলায় ধরে।”
ওই পরিস্থিতিতে পরিবারের অন্য সদস্যরা ইরফানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
“খবর পেয়ে ওই বাসায় গিয়ে আমরা তাকে গ্রেপ্তার করি,” বলেন ওসি।
এ ঘটনায় ইরফানের মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান তিনি।
