যৌন নির্যাতনের মামলায় মীরাক্কেল প্রতিযোগী কায়কোবাদ গ্রেপ্তার
যৌন নির্যাতনের অভিযোগে সহপাঠীর মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মীরাক্কেল প্রতিযোগী মো. কায়কোবাদ।
কায়কোবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র। তিনি ২০১৬ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯ এর প্রতিযোগী ছিলেন।
কায়কোবাদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো জাহাঙ্গীর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। হাটহাজারী থানার এসআই রাজীব শর্মাকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।”
ওই ছাত্রীর অভিযোগ, ২০১৮ সালের ৩১ জানুয়ারি কায়কোবাদের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিভিন্নভাবে ‘ব্ল্যাকমেইল’ করে তাকে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার ওই ছাত্রী শাহ আমানত হলে কায়কোবাদের সঙ্গে দেখা করতে গেলে তাকে মারধর করে টেনে-হিঁচড়ে হলের অতিথি কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।
