২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই মেয়েকে নিয়ে মায়ের ‘বিষপানে আত্মহত্যা’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নারী তার দুই শিশু কন্যাকে নিয়ে ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন বলে খবর দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 09:19 AM

Updated : 08 Apr 2022, 04:08 PM

রাঙ্গুনিয়া থানার ওসি ইমিতিয়াজ ভূঁইয়া বলেন, সোমবার গভীর রাতে উপজেলার সড়কভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন- সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮) এবং তার দুই মেয়ে ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)।

রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “ডেইজি আক্তার বাড়িতে দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ পান করেন। পারিবারিক অশান্তির জেরে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন বলে স্বজনদের ভাষ্য।”

রাঙ্গুনিয়ার ওসি ইমিতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যেটা জেনেছি, ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”